নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মন্ত্রীর ভাতিজা

আপডেট : ০৪ মে ২০২৪, ০৫:২৪ এএম

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ভাতিজা ও চেয়ারম্যান প্রার্থী মুরাদ কবীর। গতকাল শুক্রবার সকালে উপজেলার সফিপুর এলাকায় তার ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলন ডেকে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মুরাদ কবীর বলেন, ‘উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জড়িত রয়েছি। দলীয় সিদ্ধান্ত এসেছে। আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর পরিবারের সদস্য। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমি নির্বাচন করতে পারি। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াব।’

এখন কোন প্রার্থীকে সমর্থন দেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অন্য যে দুজন চেয়ারম্যান প্রার্থী আছেন। তারা দুজনই আওয়ামী লীগ। সেখানে আলাদাভাবে সমর্থন দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না।’

আগামী ২১ মে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন হবে। এই লক্ষ্যে গত বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন অফিস। সে হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের তিনজন। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীর। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের ভাতিজা। অন্য দুই প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও সেলিম আজাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত