বৃষ্টিভেজা অভিষেকে তানজিদই নায়ক

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:০৫ এএম

অভিষিক্ত তানজিদ হাসান তামিমের কাভার ড্রাইভে মারা বাউন্ডারিতেই নিশ্চিত হলো বাংলাদেশের ৮ উইকেটের জয়। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজের প্রথমটি বাংলাদেশ জিতেছে ২৮ বল হাতে রেখেই। পেসারদের সাফল্য, বৃষ্টির বাগড়া সবকিছু ছাপিয়ে তাই ‘ছোট’ তামিমের ৪৭ বলে ৬৭ রানের ইনিংসটাই থেকে যাবে স্মৃতির মণিকোঠায়।

কিছুদিন আগে আবাহনী দলের কোচ খালেদ মাহমুদ সুজন ঠাট্টার ছলে নাজমুল হোসেন শান্তকে বলেছিলেন, ‘ জাতীয় দলের চেয়ে আমার আবাহনী শক্তিশালী।’ জাতীয় দলের ক্যাম্পে ১০ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার পরও কাল মোহামেডানকে ঢাকা লিগের ম্যাচে হারিয়েছে আবাহনী। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা জিম্বাবুয়ে দলটার খেলা দেখে অনেকেই বলেছেন, এই দলটা ঢাকা লিগে খেললে অবনমন ঠেকাতে পারত না। জাতীয় দল নয়, তাদের বিপক্ষে আবাহনী কিংবা প্রিমিয়ার লিগের শীর্ষ যেকোনো দলই হেসেখেলে জিতবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে, তবে এ রকম ঢোড়া সাপ মারা কৃতিত্ব বিশ্বকাপে গিয়ে কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্নটাও উঁকি দিচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে চালু রসিকতা হচ্ছে, লিটন দাসকে ফর্মে ফেরাতে হলে জিম্বাবুয়েকে লাগবে! কিন্তু জিম্বাবুয়েকে পেয়েও তো পারলেন না লিটন। সাদা বলে ইনিংসের শুরুতে তার দুর্বলতা দেখে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন শ্রীলঙ্কা সিরিজের মাঝপথেই ওয়ানডে দল থেকে বাদ দিয়েছিলেন। এরপর টেস্ট এবং ঢাকা প্রিমিয়ার লিগ মিলিয়ে কিছু মাঝারি ইনিংসের পর ফের যখন জাতীয় দলে এলেন জিম্বাবুয়ের বিপক্ষে। সাদা বলে সবশেষ তিন ম্যাচের রানে লিটন যেন জেমস বন্ড, কারণ ইনিংসগুলো হচ্ছে ০ ০ ৭ রানের! জয়ের লক্ষ্য যেখানে ১২০ বলে মাত্র ১২৫ রান, সেখানে ব্লেসিং মুজারাবানির অল্প ইনসুইং করা লেন্থ ডেলিভারিতে লিটন হয়েছেন বোল্ড। দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন ৩ বলে ১ রান করে। অথচ লিটনের সঙ্গে নামা অভিষিক্ত তামিমের খেলায় ছিল অভিজ্ঞতার ছাপ। ভাগ্যের ছোঁয়া ছিল, তবে সেই সঙ্গে বিশ্বকাপের দলে থাকার তাগিদটাও স্পষ্ট। টস জিতে শান্ত নিয়েছিলেন বোলিং। সেটা লক্ষ্য জেনে তাড়া করার জন্য নাকি আবহাওয়া বার্তায় বৃষ্টির পূর্বাভাস পেয়ে সেটা স্পষ্ট করেননি। বলেছিলেন, শুরুতে তাজা উইকেটে পেস বোলাররা সুবিধা পাবেন। সেটা পেয়েছেনও তাসকিন-শরিফুল-সাইফউদ্দিনরা। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের পেস বোলিংয়ের বিপক্ষে দুর্বলতার সঙ্গে ঢাকা লিগে আবাহনীর হয়ে এই তিনের টানা জয়ের অভ্যাস, সব মিলিয়ে তাদের সামনেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। অচেনা ক্রিকেটারদের পারফরম্যান্স প্রত্যাশিতই, তবে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে পেলে যাদের ব্যাট চওড়া হয়ে ওঠে সেই সিকান্দার রাজা, শন উইলিয়ামস ও রায়ান বার্লের ব্যাটও নিশ্চুপ। তাসকিনের বলে কোনো রান না করে গোল্ডেন ডাক উইলিয়ামসের, সিøপে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক অধিনায়ক সিকান্দার রাজারও। প্রথম বলে শূন্য রানে আউট হয়েছেন রায়ান বার্লও, তাসকিনের বলে ক্যাচ দিয়েছেন রিশাদ হোসেনের হাতে ব্যাকওয়ার্ড পয়েন্টে। সাইফউদ্দিন আর তাসকিন মিলে নিয়েছেন ৬ উইকেট, আর জিম্বাবুয়ের ভরসার তিনের সম্মিলিত রান শূন্য, এখানেই তো হয়ে গেছে বড় ব্যবধান।

ইনিংসের শেষ বলে রান আউট হয়ে ওয়েলিংটন মাসাকাদজা রান আউট হলে জিম্বাবুয়ে অলআউট হয় ১২৪ রানে। ৪১ রানে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নেওয়ার পর অষ্টম উইকেটে ৭৫ রান করতে দেওয়াটাও আশঙ্কাজনক, যদিও এই দৃশ্য বাংলাদেশের বিপক্ষে নিয়মিত দৃশ্য। ক্লাইভ মানদানদের ৪৩ ও ওয়েলিংটনের ৩৪ রানে খানিকটা লড়াইয়ের পুঁজি পায় জিম্বাবুয়ে। জয়লর্ড গাম্বির ১৭ আর ব্রায়ান বেনেটের ১৬ রানের ইনিংস বাদ দিলে বাকি ৭ ব্যাটসম্যানের ভেতর সর্বোচ্চ  ব্যক্তিগত রান ২! ০ রানে আউট ৪ জন, ২ রানে ২ জন আর ১ রানে ১ জন।

১২৫ রান তাড়া করতে গিয়ে ইনিংসের অষ্টম বলেই লিটন দাসের অমন আউট। দেখলে চন্দ্রবিন্দুর সেই বিখ্যাত গানের লাইনটাই মনে হবে, ‘তোমার কীসের এত তাড়া?’ অন্যপাশে অভিষিক্ত তানজিদ তামিম সাবধানি এবং হিসেবিও। ২৪ বলে ২৮ রানের ইনিংসে একজোড়া করা ৪ আর ৬। বল আকাশে তুলে দিয়েও একবার ভাগ্যজোরে বেঁচেছেন, ক্যাচ ফেলেছেন বেনেট। জীবন পাওয়ার আগে পরে দুটো ছয় মেরেছেন অভিষিক্ত এই ব্যাটসম্যান। ধীরে ধীরে ইনিংসটা বুনেছেন। বৃষ্টিতে বার দুয়েক খেলা থামার পর ফের শুরু, এই সময়টা যেকোনো ব্যাটসম্যানের জন্যই কঠিন। সেই কঠিন সময়টা সামলে তামিম ঠিকই দলকে পৌঁছে দিয়েছেন জয়ের গন্তব্যে। সঙ্গী তাওহীদ হৃদয় তখন ১৮ বলে ৩৩ রানে অপরাজিত।

আইপিএল থেকে ফিরে আসা মোস্তাফিজুর রহমান নেই, নেই অভিজ্ঞ সাকিব আল হাসানও। তারা যোগ দেবেন সিরিজের শেষের ভাগে। তাদের ছাড়াই যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামা যায় এবং তারুণ্যের শক্তিতে ভর করেই ভালোভাবে জেতা যায়, প্রথম ম্যাচের ফল বোধহয় সেই বার্তাই দিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত