‘লিটন হয়তো রান পাচ্ছে না, তবে পরিশ্রম করছে’

আপডেট : ০৪ মে ২০২৪, ০৬:০৫ পিএম

ব্যর্থতার বৃত্তেই বন্দী লিটন দাস। হাসছেই না তার ব্যাট। সবশেষ ১০ টি-টোয়েন্টি ইনিংসে ফিফটি মাত্র একটি। সেটাও আবার গত বছরের মার্চে। গত এক বছর ধরে এই ফরম্যাটে একবারও ব্যাট উঁচিয়ে ধরতে পারেননি তিনি। ব্যাটিংয়ে নির্ভার থাকার জন্য উইকেটকিপিং ছেড়েছেন। তবুও চাপমুক্ত হতে পারেননি।

লিটনের সমস্যাটা আসলে কোথায়? এ নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। বলেছেন রানে ফিরতে পরিশ্রম করছেন তারকা এই ওপেনার।

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে নতুন বলে উইকেট বিলিয়ে আসেন লিটন। ব্লেসিং মুজারাবানির গতি আর সুইংয়ে মিডল স্টাম্প হারিয়ে লিটন প্যাভিলিয়নে ফেরত যান কেবল ১ রানে। ব্যাট-প্যাডের গ্যাপের সুযোগ পেয়েই লিটনের স্টাম্প উড়িয়ে দেন মুজারাবানি।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টির হোম সিরিজ শেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। এরপর টি–টোয়েন্টি বিশ্বকাপ। সাদা বলের এই সংস্করণে লিটন কবে নিজে হাসবেন, দর্শকদের মুখে হাসি ফোটাবেন? ব্যাটিং কোচ ডেভিড হেম্প আজ লিটনের ফর্ম নিয়ে কথা বলেছেন, তার নিবেদনের প্রশংসা করেছেন।

নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। যা ব্যাটিং কোচের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ‘সে হয়ত রান পাচ্ছে না কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে কখনও তারা রান করবে কখনও আবার করবে না। এখন হয়ত সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।’

লিটন দাসের টেকনিক্যাল নাকি মানসিক সমস্যা? এমন প্রশ্নের জবাবে হেম্প, ‘আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক করে, গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন কারণ নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত