ওয়েসেলস থেকে কোরি অ্যান্ডারসন

আপডেট : ০৫ মে ২০২৪, ০১:০৪ এএম

আইসিসির সবচেয়ে গৌরবময় ক্রিকেট প্রতিযোগিতা বিশ্বকাপ। চার বছর অন্তর ওয়ানডে এবং দুবছর পর পর টি-টোয়েন্টি ফরম্যাটে বসে ক্রিকেটের সবচেয়ে বড় এ আয়োজন। সবচেয়ে বড় এ মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারা যেকোনো ক্রিকেটারের জন্যই আজন্ম লালিত স্বপ্ন।

তবে ক্রিকেট বিশ্বে এমন কিছু খেলোয়াড় আছেন যারা শুধু একবার নয়, দুটো ভিন্ন দেশের হয়ে পূরণ করেছেন নিজেদের এই স্বপ্ন। দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে মাঠে গড়াবে এবারের আসর। সেই বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন কোরি অ্যান্ডারসন। এর আগে ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা কোরির গায়ে থাকবে এবার যুক্তরাষ্ট্রের জার্সি।

তিনিই প্রথম নন। সবার আগে দুটো ভিন্ন দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য অর্জন করেন ডার্ক ন্যানিস। নেদারল্যান্ডসের হয়ে ২০০৯ টি২০ বিশ্বকাপ খেলার পরের বছর তার সুযোগ মেলে অস্ট্রেলিয়া দলে। অস্ট্রেলিয়ার হয়ে অংশ নেন ২০১০ টি২০ বিশ্বকাপে।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এ তালিকায় প্রথম নাম কেপলার ওয়েসেলস। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এ বাঁহাতি ব্যাটসম্যান ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেন তিনটি ম্যাচ। নিষেধাজ্ঞা উঠে গেলে নিজের দেশ দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯২ বিশ্বকাপে তার অভিষেক ঘটে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

ক্যারিবীয় ক্রিকেটার অ্যান্ডারসন কামিন্স ১৯৯২ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন। আসরে শিকার করেন ১২টি উইকেট। ভারতের বিপক্ষে হন ম্যাচসেরা। সবাইকে তাক লাগিয়ে দিয়ে ৪০ বছর বয়সে ২০০৭ বিশ্বকাপে কানাডার হয়ে খেলতে নামেন তিনি।

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের হয়ে অদল-বদল করে বিশ্বকাপ খেলেছেন এড জয়েস ও এওয়েন মরগ্যান। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে জয়েস ছিলেন ইংল্যান্ড ও মরগান ছিলেন আয়ারল্যান্ড তাঁবুতে। চার বছর বাদে দল পরিবর্তন হয় দুজনের। জয়েস ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে গায়ে চাপান আইরিশ জার্সি। ২০১১ বিশ্বকাপে মরগ্যান বিশ্বকাপ খেলেন ইংল্যান্ডের হয়ে। ২০১৫ বিশ্বকাপে নেতৃত্ব দেন ইংলিশদের। আর ২০১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর আনন্দে ভাসান ক্যাপটেন মরগ্যান।

২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা রোলফ ফন ডার মারওয়ে পরবর্তী সময়ে ২০১৬ বিশ্বকাপ খেলেন নেদারল্যান্ডসের হয়ে। ওই বিশ্বকাপে প্রোটিয়াদের হয়ে খেলা ডেভিড ভিসে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেন আফ্রিকা মহাদেশের আরেক দেশ নামিবিয়ার হয়ে। আর এবার কোরি অ্যান্ডারসনকে দেখা যাবে দুদেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের তালিকাটি আরও সমৃদ্ধ করতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত