পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার

আপডেট : ০৫ মে ২০২৪, ০৪:১৯ এএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কে এম রেজাউল ফয়েজ রেজা দল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেছেন। গত শুক্রবার আগৈলঝাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দেন তিনি। পরে বাড়িতে ফিরে দুধ দিয়ে গোসল করেন রেজাউল।

এরপর শুক্রবার রাতে দুধ ঢেলে রেজাউল ফয়েজের গোসলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তিনি ১ মণ ৩৬ কেজি দুধ দিয়ে গোসল করেছেন বলে জানা গেছে। ওই ভিডিওতে রেজাউলকে বলতে শোনা যায়, ‘আমি দীর্ঘ বছর একটি দলের সঙ্গে ছিলাম। এটা একটি ব্যবসায়িক দল। এটা কোনো রাজনৈতিক দল না। যারা বিএনপি করে তারা, ব্যবসার জন্য রাজনীতি করে। নিজের জন্য, ব্যক্তির জন্য রাজনীতি করে। তাই অরাজনৈতিক, অসাংগঠনিক দল থেকে নিজেকে মুক্ত করেছি। পরিপূর্ণ পবিত্রতার জন্য দুধ দিয়ে গোসল করছি।’

সংবাদ সম্মেলনে রেজাউল বলেন, ‘বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের কাছ থেকে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা ও সহানুভূতি পাইনি। এমনকি হামলা-মামলার শিকার হয়েও নেতাদের খোঁজ না নেওয়ায় অভিভাবকশূন্য হয়ে আমরা আজ সর্বস্বান্ত। দলের উপজেলা আহ্বায়ক কবির হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। আর সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না কখনো এলাকাতেই আসেন না। দলীয় কারণে হামলা-মামলার শিকার হয়ে একাধিকবার কারাগারে থাকলেও রাজনৈতিক কোনো অভিভাবকের সহানুভূতি পাইনি। তাই বিএনপি নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিষ্কর্মা কর্মকা-ে ক্ষুব্ধ হয়ে পরিবার-পরিজনের কথা চিন্তা করে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য স্বেচ্ছায় বিএনপি থেকে চিরদিনের জন্য পদত্যাগ করছি।’

২০২৩ সালের ২৬ আগস্ট আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে কে এম রেজাউল ফয়েজ রেজাকে আহ্বায়ক করে ৫২ সদস্যের কমিটির অনুমোদন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না বলেন, বাগধা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কে এম রেজাউল ফয়েজ রেজা দীর্ঘদিন ধরে কোনো সাংগঠনিক কর্মকা-ে সম্পৃক্ত নেই। এছাড়া তিনি অরাজনৈতিক কর্মকা-ে জড়িত থাকার কারণে গত ২ মে তাকে লিখিতভাবে শোকজ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত