গ্রেপ্তার হতে পারেন মিল্টনের স্ত্রী

আপডেট : ০৫ মে ২০২৪, ০৪:২৭ এএম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। মামলার তদন্তের স্বার্থে আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্ত সংশ্লিষ্টরা। প্রয়োজনে মিতু হাওলাদারকেও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দারা।  

গতকাল শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন আর রশীদ বলেন, ‘মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে আজ রবিবার দুপুরে ডিবিতে ডাকা হয়েছে। তার স্ত্রীকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।’

তিনি আরও বলেন, ‘মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে। তার উত্থান কীভাবে হলো, তথাকথিত মানবতার ফেরিওয়ালা কীভাবে হলেন, তার অর্থের উৎস কীভাবে আসে, কীভাবে তিনি দরিদ্র মানুষকে সংগ্রহ করতেন এবং কেনইবা তাদেরকে টর্চার সেলে এনে পেটাতেন সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত