রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এক নতুন দিকে মোড় নিয়েছে। সম্প্রতি ইউক্রেনের শহর খারকিভে একটি অস্বাভাবিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এক তরুণ ইউক্রেনীয় অস্ত্র পরিদর্শক দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র রাশিয়ায় নয়, বরং উত্তর কোরিয়ায় নির্মাণ হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
গতকাল রবিবার বিবিসি জানিয়েছে, ২ জানুয়ারি খারকিভের সেই হামলার খবর পাওয়ার পর ইউক্রেনীয় অস্ত্র পরিদর্শক ক্রিস্টিনা কামিচুক দেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। ক্রিস্টিনা নিশ্চিত ছিলেন, এটি রুশ ক্ষেপণাস্ত্র নয়। তবে বিষয়টি প্রমাণ করা অত সহজ ছিল না। ধাতু ও তারের জঙ্গলের মধ্যে ক্রিস্টিনা কোরীয় বর্ণমালার একটি বর্ণ খোদাই করা অবস্থায় দেখতে পান। এরপর তিনি দেখতে পান, এই ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশে ১১২ লেখা আছে, যা উত্তর কোরিয়ার ক্যালেন্ডার অনুযায়ী ২০২৩ সাল। ২০২৩ এর মার্চে নির্মিত একটি মার্কিন কম্পিউটার চিপও এতে খুঁজে পাওয়ার দাবি করেছেন ক্রিস্টিনা। যুক্তরাষ্ট্র ও মিত্রদেশের আরোপিত বিধিনিষেধের কারণে বৈধভাবে উত্তর কোরিয়ার অন্য কোনো দেশের কাছে এ ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন নেই। এমনকি, এ ধরনের অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম ইলেকট্রনিক চিপ ও অন্যান্য সরঞ্জাম আমদানিরও কোনো পথ নেই দেশটির হাতে।
ক্রিস্টিনা কামিচুকের তথ্য প্রকাশের পর ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তাদের ভূখণ্ডে অসংখ্য উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব হামলায় অন্তত ২৪ জন নিহত ও ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধ শুরুর হুমকিকে খুব একটা গুরুত্ব না দিলেও বিশ্লেষকরা পিয়ংইয়ংয়ের অন্যান্য দেশের সংঘাতকে উসকে দেওয়ার সক্ষমতা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, উত্তর কোরিয়া অবৈধ ভাবে গুরুত্বপূর্ণ সরঞ্জাম জোগাড় করেছে, নিজেদের দেশে লুকিয়ে নিয়ে এসেছে এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ করে গোপনে সেগুলোকে রাশিয়ার কাছে পাঠিয়েছে। রাশিয়া এগুলোকে যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে ইউক্রেনের বিরুদ্ধে হামলায় ব্যবহার করেছে। এ সবই ঘটেছে কয়েক মাসের ব্যবধানে।
স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে জানা গেছে, চারটি রুশ পণ্যবাহী জাহাজ বেশ কয়েকবার উত্তর কোরিয়া ও একটি রুশ সামরিক বন্দরের মধ্যে আসা-যাওয়া করেছে। প্রতি যাত্রায় ১০০-এর ওপর কন্টেইনার আনা-নেওয়া করা হয়।
লন্ডন ভিত্তিক বিশ্লেষণী সংস্থা রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) উত্তর কোরিয়া বিশেষজ্ঞ জোসেফ বিরনে জানিয়েছেন, অন্তত ১০ লাখ কামানের গোলা ও রকেট নিয়ে সাত হাজার কন্টেইনার উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় এসেছে। এ ধরনের রকেট ট্রাক থেকে একসঙ্গে অনেকগুলো করে ছোড়া যায়। রুসির এই বিশ্লেষণে একমত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া।
