জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজন বাবুকে (মোটরসাইকেল প্রতীক) ছাড়া অন্য কাউকে ভোট দিলে ভোটারদের প্রতিহত করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। সমাবেশে তার দেওয়া বক্তব্যের ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে ভোটাদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল রবিবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে বাবু বিজন কুমার চন্দের (মোটরসাইকেল প্রতীক) নির্বাচনী ছাত্র সমাবেশে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া কাচারি মাঠে তিনি এ বক্তব্য দেন। আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সদর (জামালপুর-৫) আসনের সাবেক সংসদ সদস্য ও বিজন কুমার চন্দ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ছাত্র সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বাবু বিজন কুমার চন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সাংগঠনিক সম্পাদক আ ফ ম জাফর ইকবাল জাফু, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
সাবেক এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনকে ভিডিও ক্লিপটিতে বলতে শোনা যায়, ‘বিজন বাবুকে ছাড়া তোমরা যদি আর কাউকে ভোট দেওয়ার চেষ্টা করো, তাহলে আমার ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সর্বস্তরের জনগণ প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। তাই আর দেরি নাই, আর মাত্র দুটে দিন আছে, এখনো সময় আছে আসো। আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে, আমাদের পিছে আসো। আমাদের সাথে ঐকবদ্ধ হও, বিজন বাবুর পিছে আসো। বিজন বাবুর মোটসাইকেল মার্কা ভোট দাও, তা না হলে মানুষ খাবার পারবে না। আবার চেয়ারম্যানগিরি করতে চাও, করতে পারবা যদি বিজন বাবু উপজেলার চেয়ারম্যান হয় তাহলেই পারবা। না হলে পারবা না।
বক্তব্যের বিষয়ে ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন প্রথমে সাংবাদিকদের কাছে অস্বীকার করলেও পরে তাকে ভিডিও রয়েছে বললে তিনি তার কোনো উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এই ঘটনায় একটি অভিযোগও দিয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন। বক্তব্যের ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে মোজাফফর হোসেনকে এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বাবু বিজন কুমার চন্দের প্রার্থিতা বাতিল করতে কেন নির্বাচন কমিশন সচিবালয়ে পত্র প্রেরণ করা হবে না তা জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।’
আজ শুরুতে ফিল্ডিং করবে বাংলাদেশ
গাছকাটা ও লাগানোর বিষয়ে বিধিমালা করতে রুল
এবার সিনেমায় রণবীর-আলিয়া কন্যা? 