খুলনায় নির্বাচন উপলক্ষে বৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের দপ্তর থেকে আজ সোমবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্যদের ও বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।
জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, খুলনা জেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইস্যুকৃত লাইসেন্স ব্যবহার করা যাবে না।
২১ মে দ্বিতীয় ধাপে দিঘলিয়া, ফুলতলা ও তেরখাদা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে ১৪ মে থেকে ২৮ মে পর্যন্ত বৈধ অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে। ২৯ মে তৃতীয় ধাপে ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলায় অনুষ্ঠিত হবে। এ ধাপে নিষেধাজ্ঞারোপের সময় ২২ মে থেকে ৫ জুন।
পরবর্তীতে ৫ জুন চতুর্থ ধাপে বটিয়াঘাটা, রূপসা ও দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সকল ধরণের বৈধ অস্ত্রের মালিক/ লাইসেন্সধারীগণ কর্তৃক অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাফেরা করতে পারবে না।
