পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ গোলাম রব্বানী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. রাশিদুল ইসলাম অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন।
গ্রেপ্তার গোলাম রব্বানী (৩৪) নাটরের লালপুরের পালিদোহা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঈশ্বরদী পৌরসভার পিয়ারপুর মোড় এলাকায় অভিযান চালানো হয়। সে সময় এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে এলে তাকে গোপনে অনুসরণ করে পুলিশ। পরে পিয়ারপুর কোর্টপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ৮ চেম্বারবিশিষ্ট রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি নকিয়া বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধার করা অস্ত্রে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন।
পাবনা জেলার ডিবি ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, আটক গোলাম রব্বানী জব্দ করা অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
