দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও তিনজনকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ওই তিনজন হলেন জামালপুর জেলা বিএনপির সদস্য মো. নুর সালাম সরকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এবং গাইবান্ধা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. তহিদুল আলম মন্ডল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং যুবদলের সাধারণ সম্পাদক সুলতান টুকুসহ আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে ১১ মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে যুবদল। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনের কার্যালয়ে সংগঠনের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে বিকেলে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘সরকার জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। ব্যাংকিং খাত, আর্থিক খাতসহ সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা। মেগা প্রজেক্টের নামে চলছে মেগা দুর্নীতি। এ অবস্থা থেকে জাতিকে উত্তরণ করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।’
ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় (ভার্চুয়ালি) এতে বক্তব্য দেন যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী ও দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ।
