বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ জানুয়ারির ডামি নির্বাচন দেশের ৯৫ শতাংশ মানুষ প্রত্যাখ্যান করেছে। আবার এই সরকার নিজেদের বৈধতা দেওয়ার জন্য ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু মানুষ এই উপজেলা নির্বাচনও বর্জন করবে। জনগণকে বলব, এই নির্বাচন বয়কট করুন, বয়কট করুন।’ গতকাল সোমবার সকালে রাজধানীর বাংলা মোটর এলাকায় পথচারী ও দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণকালে রিজভী এ কথা বলেন।
গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন। এ কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে। বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়ার কারণে তাদের (আওয়ামী লীগ) জনসমর্থন নেই।’ উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির আত্মীয়-স্বজনকে না দাঁড়াতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নিষেধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু একজনও কথা শোনেনি। সবাই দাঁড়িয়েছে। তারা বলছে, প্রধানমন্ত্রীরই ২০-২৫ জন আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে। তাহলে আমরা বাদ যাব কেন? ওবায়দুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে, সেটা আগে বলুন, তারপর বিএনপির কথা বলুন। আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি। তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে।’
