পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিও থেকে সংগৃহীত অর্থ কোম্পানির প্রসপেক্টাসে ঘোষিত এসভিপিও ফ্যাসিলিটির আধুনিকীকরণ এবং সম্প্রসারণ কাজে ব্যয়ের পরিবর্তে জেনেরিক উৎপাদন ইউনিটের নির্মাণে ব্যয় করবে কোম্পানিটি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। উত্তোলিত অর্থ থেকে ১৩ কোটি ১২ লাখ টাকা জেনেরিক ওষুধ এই উৎপাদন কেন্দ্র নির্মাণে ব্যবহার করবে, যা এসভিপিও সুবিধাসম্পন্ন আধুনিকীকরণ এবং সম্প্রসারণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।
এছাড়া আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময়সীমাতে পরিবর্তন এনেছে নাভানা ফার্মাসিউটিক্যালস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানিটি আইপিওর টাকা গ্রহণের পরবর্তী ৩৬ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে।
উল্লেখ্য, নাভানা ফার্মাসিউটিক্যালস ২০২২ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে। এই টাকা কোম্পানির নতুন উৎপাদন ভবন নির্মাণ, নতুন ইউটিলিটি ও ইঞ্জিনিয়ারিং ভবন নির্মাণ, সেফালোস্ফোরিন ইউনিটের সংস্কার, আংশিক ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করার সিদ্ধান্ত রয়েছে। ইতিমধ্যে আইপিও থেকে প্রাপ্ত অর্থের ৭১ দশমিক ৩১ শতাংশ টাকা খরচ করেছে কোম্পানিটি।
