আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট জহিরুল ইসলাম পলাশকে এক মাস আইন পেশা থেকে বিরত থাকতে বলেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেয়।
এজলাসে বিচারকাজ বাধাগ্রস্ত করা, বিচারককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন মন্তব্য ও অপপ্রচারের কারণে আদালত অবমাননার অভিযোগে পিপি জহিরুল ইসলামকে হাইকোর্টে তলব করা হয়েছিল। তিনি আদালতে হাজির হয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১০ জুন ধার্য করেছে হাইকোর্ট।
সংশ্লিষ্ট আইনজীবীরা দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। পিপির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
গত ৩১ মার্চ খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ন্যায়বিচারের আরজি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেন। এতে তিনি উল্লেখ করেন, গত ২৫ মার্চ তার আদালতে একটি মামলার শুনানির সময় জহিরুল ইসলাম উচ্চৈঃস্বরে মামলা দ্রুত শুনানি করতে তাগিদ দেন এবং দাম্ভিকতাপূর্ণ আচরণ করেন। অবশ্য পরে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। একপর্যায়ে বিচারক ন্যায়বিচারের স্বার্থে জহিরুল ইসলামের মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর আদেশ দেন। তখন তিনি বিচারকের ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে কটূক্তি করে এজলাস ত্যাগ করেন। একপর্যায়ে ফেসবুক লাইভে এসে জহিরুল ইসলাম ওই বিচারক সম্পর্কে মানহানিকর বক্তব্য দেন।
এ ঘটনায় ২৭ মার্চ জহিরুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দেওয়ার পর ২৮ মার্চ তিনি বিচারকের কাছে নিঃশর্ত ক্ষমা চান।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, ক্ষমা চাইলেও বিচারককে নিয়ে কটূক্তির বিষয়টি জহিরুল ইসলাম তার জবাবে উল্লেখ করেননি। এরপর প্রধান বিচারপতির নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিচারকের চিঠির বিষয়টি হাইকোর্টের এই বেঞ্চে উপস্থাপন করা হলে গত ৩ এপ্রিল জহিরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার রুলসহ তলব করে হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাঈনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘তাকে (খুলনার পিপি) এক মাস আইনজীবী হিসেবে শুনানিতে বিরত থাকতে বলেছেন হাইকোর্ট। ওইদিন (১০ জুন) তাকে আবারও হাইকোর্টে হাজির হতে হবে।’
ব্যারিস্টার রেজা-ই-রাকিব বলেন, ‘ওই আইনজীবীকে পেশায় বিরত থাকার পাশাপাশি একটি নির্দেশনা ছিল যে, বিচারককে নিয়ে তার বক্তব্য অনলাইন থেকে সরাতে হবে। ইতিমধ্যে তা সরিয়ে ফেলা হয়েছে।’
