এখন আলুর মৌসুম চলছে। এখন কেন আলুর কেজি ৬০ টাকা হবে এমন প্রশ্ন তুলেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। একইভাবে পেঁয়াজের দাম নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণবিষয়ক এক সেমিনারে সফিকুজ্জামান এ প্রশ্ন করেন।
তিনি বলেন, ‘খোঁজ নিয়ে জানা গেছে, দেশের কৃষক পর্যায় থেকে শুরু করে পদে পদে অতিমুনাফার বিষয়টি ছড়িয়ে গেছে।’ অধিদপ্তরের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি বলেন, ‘আমাদের ওপর মানুষের অনেক প্রত্যাশা থাকে। আমরা হয়তো অনেক কিছু করতে পারিনি। আজ (গতকাল) সকালে টিভির নিউজে দেখলাম, পেঁপের কেজি ১০০ টাকা হয়ে গেছে। সকালবেলা আমি বাজারে লোক পাঠিয়েছি, আমার এলাকার বাজারে পেঁয়াজ কিনেছে ৭৫ টাকা কেজি দরে। আলুর দামও কিন্তু ৫৫-৬০ টাকা। এখন এটা হওয়া উচিত ছিল কি না এটাই বড় প্রশ্ন। কেন এটি হচ্ছে, সেটা আমরা সবাই জানি।’
তিনি বলেন, ‘আমাদের নিত্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি হয়েছে ১৫ শতাংশ। এটাই বাস্তবতা। সেই বাস্তবতা থেকে ভোক্তা অধিদপ্তর বা ক্যাবের খুব বেশি কিছু করার সুযোগ আছে বলে এই মুহূর্তে আমার মনে হয় না।’
সফিকুজ্জামান বলেন, ‘নকল পণ্যে বাজার ভরে গেছে। গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে দেখা গেছে, নকল কফি বিক্রি হচ্ছে। পচা মিষ্টির মধ্যে ময়দা মিশিয়ে কাচাগোল্লা বানাচ্ছে। বাজারে পাকা কাঁঠাল, আম চলে এসেছে। সেগুলো কেমিক্যাল দিয়ে পাকানো হচ্ছে। ডায়াবেটিসের স্ট্রিপ থেকে শুরু করে হার্টের বাল্বও নকল হচ্ছে।’
তিনি বলেন, ‘একদিকে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আবার যে জিনিসটা কিনছি, সেটি কতটুকু নিরাপদ? আমাদের প্রতিটি স্তরে প্রতিটি ব্যক্তি যারা এগুলোর সঙ্গে জড়িত, তারা সুযোগ পেলে অতি মুনাফার লোভে এই কাজগুলো করছে।’
ভোক্তাদের এ অবস্থার বিরুদ্ধে সোচ্চার হতে হবে জানিয়ে সফিকুজ্জামান বলেন, ‘আমরা যদি ভোক্তাদের জাগিয়ে তুলতে পারি, তাহলেই তাদের অধিকার আদায় সম্ভব।’
ক্যাবের সিনিয়র সহসভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া প্রমুখ।
