রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে পৃথক ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত বৃহস্পতিবার বেড়িবাঁধ এলাকার ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে মেন্ডি ডেন্টাল রোডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চোরাই ইজিবাইক চক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। এ সময় দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
হাজারীবাগ থানার ওসি নূর মোহাম্মদ জানান, হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকার মেন্ডি ডেন্টাল রোডে কতিপয় লোক ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, শাকিল, সোহেল ও নিয়ামুল হাসান নয়ন। তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি কুড়াল ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, হাজারীবাগ থানার চরওয়াশপুর সদাগর কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের গেইটের সামনে দুইজন ব্যক্তি চোরাই ইজিবাইক বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
চক্রের দুই সদস্য হলেন, মো. সেলিম ব্যাপারি ও মো. মোর্শেদ আলম। তাদের হেফাজত থেকে একটি ইজিবাইক, ইজিবাইকের চারটি ব্যাটারি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
