ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সুনিশ্চিত, প্যারিস অলিম্পিক ফুটবলে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স দলের হয়ে খেলবেন। আর পিএসজি ছেড়ে দেয়ার ঘোষণা দেয়া এমবাপ্পের পরবর্তী গন্তব্য রিয়াল মাদ্রিদ বলেও বলেও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ভিডিওর মাধ্যমে ম্যাক্রোঁ বলেন, 'অলিম্পিক গেমসে (খেলতে) কিলিয়ানকে ছেড়ে দেওয়ার জন্য আমি রিয়াল মাদ্রিদের ওপর ভরসা করছি, যাতে সে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে খেলতে পারে।'
সাত বছর পর এমবাপ্পে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টা পরই ফ্রান্সে প্রেসিডেন্ট এসব কথা বললেন। পিএসজি ছাড়ার পর কোথায় যাচ্ছেন এমবাপ্পে তা নিয়ে ব্যাপক গুঞ্জনের মধ্যে ম্যাক্রোঁর এই বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে।
অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে পড়ে না, যার মানে হল যে ক্লাবগুলি এটির জন্য তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য নয়। এই পরিস্থিতি অলিম্পিক গেমসে এমবাপ্পের মতো খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই বক্তব্য নতুন মাত্রা যোগ করলো।
অলিম্পিকে কিলিয়ান এমবাপের অংশগ্রহণ খেলোয়াড় এবং ফরাসি দল উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। অলিম্পিক ফুটবলে ফ্রান্স 'এ' গ্রুপের যুক্তরাষ্ট্র, গিনি ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে।
