বিখ্যাত শিশুসাহিত্যিক, বাংলা ছাপাখানার অগ্রপথিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জন্ম ১৮৬৩ সালের ১২ মে। বাংলাদেশের তদানীন্তন ময়মনসিংহ জেলা, বর্তমান কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামের দক্ষিণ রাঢ়ী কায়স্থ পরিবারে তিনি জন্ম নেন। পিতা কালিনাথ রায় এবং মা জয়তারা দেবী। একাধারে তিনি লেখক, চিত্রকর, প্রকাশক, জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার ছিলেন। ‘সন্দেশ’ পত্রিকা তিনিই শুরু করেন। সাহিত্যিক সুকুমার রায়ের পিতা এবং চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ঠাকুরদা ছিলেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী। ময়মনসিংহ জিলা স্কুল থেকে উপেন্দ্রকিশোর প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হয়ে বৃত্তি পান। তারপর কলকাতায় এসে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এরপর তিনি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এ সময় তিনি ব্রাহ্মসমাজের সদস্য হওয়ায় তার অনেক আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য ঘটে। ছাত্র থাকাকালীনই তিনি ছোটদের জন্য লিখতে আরম্ভ করেন। সেই সময় সখা, সাথী, মুকুল ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক নামে মাসিক পত্রিকাগুলোতে তার লেখা প্রকাশিত হতে থাকে। প্রথমদিকের (যেমন সখা, ১৮৮৩) প্রকাশিত লেখাগুলো ছিল জীববিজ্ঞান বিষয়ক প্রবন্ধ। পরে চিত্র অলঙ্করণযুক্ত গল্প প্রকাশিত হতে থাকে। ১৮৮৬ সালে উপেন্দ্রকিশোরের সঙ্গে বিধুমুখীর বিয়ে হয়। উপেন্দ্রকিশোরের তিন ছেলে ও তিন মেয়ে। ছেলেরা হলেন সুকুমার, সুবিনয় ও সুবিমল এবং মেয়ে সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা। ১৯১৫ সালের ২০ ডিসেম্বর মাত্র ৫২ বছর বয়সে উপেন্দ্রকিশোর রায় চৌধুরী পরলোকগমন করেন।
×
