যা এসেছে তা ভাগ্যক্রমে

আপডেট : ১২ মে ২০২৪, ০৫:৩২ এএম

বছর কয়েক আগেও উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ততা পার করেছেন, এরপর থিতু হয়েছেন অভিনয়ে। নাটক এবং ওটিটিতে যখন ব্যস্ততা একটু করে বাড়তে লাগল ঠিক তখনই আবার নাম লেখালেন সিনেমায়। বলছি তরুণ অভিনেত্রী আইশা খান’র কথা। সপ্তাহ খানেকের ব্যবধানেই এলো তার দুই সিনেমার খবর। বর্তমানে প্রসূন রহমান পরিচালিত ‘শেকড়’ নামে একটি সিনেমার শুটিং করছেন তিনি, এরমধ্যেই চুক্তিবদ্ধ হলেন সোহেল আরমানের ‘সংবাদ’ সিনেমায়। বিস্তারিত শুনলেন ইমরুল নূর।

সংবাদ-এর তাগিদ

যখন ‘সংবাদ’ সিনেমার গল্পটা শুনি তখনই আমার কাছে ভালো লেগেছে, মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং। তখন ভাবলাম, কেন নয়! আমি যে ধাঁচের গল্প পছন্দ করি এটা ঠিক সে রকমই। গল্পটা যেমন ভালো তেমনি আমার চরিত্রও ইন্টারেস্টিং যেখানে বেশ কয়েকটা লেয়ার রয়েছে। কাজটি করার জন্য খুব তাগিদ অনুভব করছি, খুবই এক্সাইটেড আমি।

সুযোগের সদ্ব্যবহার

আমি গত তিন বছর ওটিটির কাজ করেছি, নাটক করছি। বলতে পারেন, যেভাবে চেয়েছি সৃষ্টিকর্তা ঠিক সেভাবেই দিচ্ছেন আমাকে। টু বি অনেস্ট, আমার এখনই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে ছিল না। আমার তো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই তাই চেয়েছিলাম নাটক, ওটিটিতে অভিনয় করে নিজেকে একটু সংশোধন এবং অভিনয়টা একটু একটু করে শিখতে। যখন অভিনয়টা একটু আয়ত্তে আসবে তখন সিনেমা করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ভাগ্যক্রমে দেখি ভালো গল্পের দুটি সিনেমা আমার কাছে চলে এলো। গল্প, চরিত্র পছন্দসই হওয়ায় আর সে অপেক্ষা করিনি, মনে হয়েছে যা হয় ভালোর জন্যই হয়। ভালো গল্পের কাজগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাই। তাছাড়া এটাও মনে হয়েছে, আরও কয়েক বছর পর হয়তো আমি অভিনয়ে পরিণত হয়ে যাব কিংবা অভিনেত্রী বা পারফর্মার হিসেবে পারদর্শী হব কিন্তু সে সময় হয়তো এই নির্মাতাদের নির্মাণে পাব না, এমনও হতে পারে! সেই জায়গা থেকে সুযোগ যখন এসেছে সেটাকে নিয়ে নিয়েছি। 

শেকড়ে ডুব

প্রথম লটের শুটিং শেষ হয়েছে গত শুক্রবার। এই লটে আমাদের শুটিং ছিল গাজীপুর। প্রথম দুই দিন বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছিল কিন্তু সেটা আমরা ম্যানেজ করে নিয়েছি। খুবই সুন্দরভাবে কাজটা হচ্ছে। প্রসূন ভাইয়া যেভাবে পরিকল্পনা করেছেন ঠিক সেভাবেই কাজ হচ্ছে, আমরা প্রত্যেকেই ভীষণ মজা করে কাজ করেছি। মনেই হচ্ছিল না যে আমরা শুটিং করছি। আড্ডা, গল্প, কাজের মধ্য দিয়ে আমাদের সময়টা পার হয়ে যেত। খুবই এনজয় করেছি আমরা সবাই।

দ্বিতীয় লটের শুটিং শুরু হবে আজ থেকে, রাজশাহীতে। এখানে পাঁচ থেকে ছয়দিন শুটিং হতে পারে। একটানা কাজের মধ্য দিয়েই শেষ করে ফেলারই পরিকল্পনা পরিচালকের।

নাটক-ওটিটিতে নীরব

এই মুহূর্তে সিনেমার কারণে খুব একটা নাটক করতে পারছি না। ঈদের আগ মুহূর্তে খুব সম্ভবত একটা কাজ করা হতে পারে। এর বাইরে নতুন কিছু করা হবে না, হয়তো আগের কিছু নাটক ঈদে প্রচার হতে পারে। আর ওটিটির কাজ এখন করা হবে না। কারণ, পছন্দ অনুযায়ী গল্প বা চরিত্র না পেলে সেসব প্রজেক্টে নিজেকে যুক্ত রাখতে চাই না। মাঝে তিন বছর ওটিটিতে দর্শকরা দেখেছেন আবার হয়তো আগামী বছরে দেখতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত