কাঁচা পাট রপ্তানিতে শুল্ক বসাবে সরকার

আপডেট : ১৪ মে ২০২৪, ০৬:২০ এএম

বাংলাদেশ থেকে কম দামে কাঁচা পাট কিনে নিয়ে যাচ্ছে ভারত। এজন্য দেশের পাটশিল্প পিছিয়ে পড়ছে। সে কারণে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর কাছে কাঁচা পাট রপ্তানিতে ট্যারিফ নির্ধারণের দাবি জানিয়েছে পাটকল মালিকসহ অন্য শিল্পসংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী একমত হয়েছেন। তিনি বলেন, সামনে পাট রপ্তানির ওপর ট্যারিফ বসিয়ে দেব। কাঁচা পাটের ন্যূনতম রপ্তানি মূল্য কত হবে সেটি নির্ধারণ করে দেওয়া হবে। এতে যেমন দেশি শিল্প সুরক্ষিত হবে, চাষিরা ভালো দাম পাবেন এবং পাশাপাশি সরকারের রাজস্ব বাড়বে। এ বিষয়টি নিয়ে দ্রুত কাজ শুরু হবে।

গতকাল সোমবার বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এক মতবিনিময় সভা করেন। মতিঝিল আদমজী কোর্টে বিজেএমএ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেএমএর সভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ সময় মন্ত্রী ট্যারিফ বিষয়ে পাট মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিতে বলেন।

বৈঠকে বিজেএমএর আরও একটি দাবির বিষয়ে একমত হয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এত দিন ট্রাকে করে বিভিন্ন বন্দর দিয়ে কাঁচা পাট রপ্তানি হতো। এতে পাট রপ্তানির সঠিক পরিমাণ জানা যেত না। সেজন্য পাট রপ্তানিতে শিপিং ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এ বিষয়টি নিয়েও কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়।

অনুষ্ঠানে এফবিসিসিআই মাহবুবুল আলমও বিশেষ অতিথি ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিজেএমএর সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত