সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারধরে আহত পরাজিত প্রার্থীর চাচা আবদুল আলিম (৫২) গত রবিবার রাতে মারা গেছেন। তিনি পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের (প্রতীক মোটরসাইকেল) সমর্থক ছিলেন।
নিহত আবদুল আলিম উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ গতকাল সোমবার তিনজনকে আটক করেছে। তারা হলেন একই গ্রামের চাঁন মিয়া, তার ছেলে রাসেল ও চাচাতো ভাই আবুল হোসেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আবদুল আলিম বদিউজ্জামান ফকিরের সমর্থক ছিলেন। গত ৮ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার জয়ী হন। রাতে ফলাফল ঘোষণার পরপরই আমিনুলের কর্মী-সমর্থক চাঁন মিয়া, রাসেল, আবুল, বাবলু, মান্নান, সাদ্দাম ও খালেকের নেতৃত্বে হামলায় আবদুল আলীম গুরুতর আহত হন।
