খুলনায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর (১০) শ্লীলতাহানির অভিযোগে এক মাদ্রাসার সুপারিন্ডেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. হাসিবুর রহমান হাসিব (৫৫)। গতকাল শুক্রবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা সৈয়দ আলী হোসেন সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহীদ শেখ আবু নাসের দাখিল মাদ্রাসার প্রধান। ওই ছাত্রী বর্তমানে সোনাডাঙ্গা থানাসংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
এ ঘটনায় ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেছেন। ছাত্রীর মা জানান, তার ছেলে ও মেয়ে দুজনই হাসিব ও তার স্ত্রীর কাছে প্রাইভেট পড়ে। গত বৃহস্পতিবার রাতে হাসিবের কাছে কোরআন শরিফ পড়ার সময় ওই ছাত্রীকে জোর করে রুমের মধ্যে নিয়ে শ্লীলতাহানি করেন তিনি।
এদিকে এ ঘটনায় গ্রেপ্তার শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। তারা জানান, এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে মাদ্রাসার সুপারিন্ডেন্ট হাসিবুর রহমান হাসিব এ ধরনের অনৈতিক কাজ করেছেন। কিন্তু মানসম্মানের ভয়ে এতদিন কেউ মুখ খোলেননি।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার মিত্র বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় শহীদ শেখ আবু নাসের দাখিল মাদ্রাসার সুপারিন্ডেন্ট মো. হাসিবুর রহমান হাসিবের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার মাদ্রাসা সুপারকে দুপুর ৩টার দিকে আদালতে চালান দেওয়া হয়েছে। বর্তমানে ওই ছাত্রী সোনাডাঙ্গা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
আড়াইহাজারে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার গভীর রাতে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তরুণীর হাত-পা বেঁধে ধর্ষণ করে পাঁচ থেকে ছয়জন যুবক। এ ঘটনায় গতকাল শুক্রবার ওই তরুণী বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তরুণীর পরিবারটি মুন্সীগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন। মেঘনায় বাড়ি ভেঙে যাওয়ায় চার মাস আগে আড়াইহাজারের চামুরকান্দি এলাকায় জায়গা কিনে বাড়ি বানিয়ে বসবাস করছিলেন ।
ঘটনার দিন রাত ২টার দিকে তরুণীসহ তার মা ঘুমন্ত অবস্থায় থাকাকালে পাঁচ থেকে ছয়জন লোক দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশি অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করে।
স্থানীয় কাউন্সিলর মোমেনুল হক শুভ জানান, মেয়েটির বাড়ি একটি নদীর পাশে। এ এলাকায় জুয়া বখাটেদের আড্ডা থাকে। তারা এ ঘটনা ঘটাতে পারে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, পূর্ব কোনো শক্রতা থেকে এ ঘটনা ঘটাতে পারে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অলরেডি অভিযানে নেমেছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ পাঠানো হয়েছে।
