নির্বাচন নিয়ে আগের অবস্থানে যুক্তরাষ্ট্র : মঈন

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৪১ এএম

বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে একচুলও নড়বড় হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তারা আগের অবস্থানেই রয়েছে।’

গতকাল শুক্রবার বিকেলে কারাবন্দি বিএনপির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মালিবাগের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ডেমরায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদ্য কারামুক্ত নবী উল্লাহ নবীর বাসায় যান।

মঈন খান বলেন, ‘সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে পেছনে ঘোরে আবার সমালোচনাও চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করেছে।

তাদের স্বার্থে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা নির্বাচনের আগে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে। কিন্তু সরকার আলোচনায় না গিয়ে, বুলেটের জোরে ক্ষমতায় থাকতে চায়।’

তিনি বলেন, ‘বিশ্বের যুদ্ধাবস্থার কারণে দেশের অর্থনীতি খারাপ হয়েছে এটা সরকারের খেলো যুক্তি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়নি। আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলীয় নেতাকর্মীদের লুটপাটের কারণের দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে।

কাজেই দেশের অর্থনীতি নিয়ে সরকার প্রধানের যুক্তি ভুয়া।’

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে জনগণের মুখ বন্ধ করে তাদের ভোটাধিকার হরণ করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল দমন করছে। সমস্ত বিষয় পর্যালোচনা করে আগামীর আন্দোলন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি।’

তিনি বলেন, ‘সরকার যদি ভেবে থাকে তারা মহা আনন্দে দেশ পরিচালনা করবে তা হবে ভুল। ভবিষ্যৎই সরকারের পরিণতি ঠিক করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত