জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলস্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে মামলা করার পর কিশোর গ্যাংয়ের ওই সদস্যদের আদালতে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সম্প্রতি কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রাবাসে সিট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ঝগড়া হয়। এ সময় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মামুন নামে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। ওই শিক্ষার্থীদের মধ্যে একজন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা। তার কমিউটার ট্রেনে দেওয়ানগঞ্জ যাওয়ার খবর পান মামুন। স্থানীয় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে নিয়ে ওই শিক্ষার্থীকে মারধর করার উদ্দেশ্যে পিয়ারপুর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনে ওই শিক্ষার্থীকে খুঁজে না পেয়ে নুরুন্দি স্টেশনে নেমে পড়েন তারা। একপর্যায়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনের বগিতে হামলা চালানো হয়। এ সময় আতঙ্কিত যাত্রীরা ট্রেনের জানালা বন্ধ করে দেন। ট্রেনটি ছেড়ে দেওয়ার পর বিষয়টি স্টেশনের এক কর্মচারীকে জানান স্থানীয়রা। পরে ওই কর্মচারী বিষয়টি সহকারী স্টেশন মাস্টারকে জানালে, তিনি তাদের ডেকে আনতে বলেন। আসতে না চাওয়ায় স্থানীয়রা তাদের আটক করে সহকারী স্টেশন মাস্টারের কাছে নিয়ে আসেন। এ সময় মামুন পালিয়ে যান। এরপর তাদের ব্যাগ তল্লাশি করে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
