ভারী বৃষ্টিপাত মধ্য আফগানিস্তানে ফের বিপর্যয় ডেকে এনেছে। গত সপ্তাহের বন্যার ক্ষতি এখনো তারা সামলে উঠতে পারেনি। তার মধ্যেই আবারও আকস্মিক বন্যায় মধ্য আফগানিন্তানে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
গতকাল শনিবার দেশটির পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার প্রবল বর্ষণে ঘোর এলাকার হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কৃষি জমির বিশাল অংশ প্লাবিত হয়েছে। বৃষ্টিপাতের ফলে হওয়া নতুন ফ্লাশ ফ্লাড বা আকস্মিক বন্যায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
ঘোর এলাকার পুলিশের মুখপাত্র আবদুল রহমান বদ্রি বলেছেন, শুক্রবার বন্যায় ৫০ জন প্রাণ হারান এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। অবশ্য প্রদেশের তথ্য বিভাগের প্রধান আবদুল হাই জাইম বলেন, শুক্রবারের দুর্যোগে কতজন আহত হয়েছেন তার কোনো তথ্য নেই।
