ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে পৃথক দুটি হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছে। এর মধ্যে কাশ্মীরের শোপিয়ান জেলার হুরপুরা গ্রামে সাবেক গ্রাম পঞ্চায়েতপ্রধান আইয়াজ আহমদ শেখকে গুলি করে হত্যা করা হয়। গত শনিবার এসব ঘটনা ঘটে।
ভারতীয় জনতা পার্টি বিজেপির দাবি, তিনি তাদের কর্মী ছিলেন। ভারতের লোকসভা নির্বাচনে স্থানীয় বারামুল্লা আসনে ভোটগ্রহণ আজ সোমবার। এর আগে এই হত্যাকা-ের নিন্দা জানিয়েছে বিজেপি।
অন্যদিকে অনন্তনাগ জেলায় এক পর্যটক দম্পতি হামলাকারীদের গুলিতে আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা রাজস্থানের জয়পুর থেকে ঘুরতে এসেছিলেন।
লোকসভার অনন্তনাগ-রাজৌরি আসনের ভোটের প্রচারণা চলার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটেছে।
গত মাসে রাজৌরিতে সরকারি এক কর্মীকে গুলি করে হত্যা করেছিল অজ্ঞাত বন্দুকধারীরা। এর আগে বিহার থেকে আসা এক শ্রমিককে গত ১৭ এপ্রিল অনন্তনাগে গুলি করে হত্যা করা হয়েছিল।
