ইসি আলমগীর বললেন

ভোট কম পড়ার কারণ বিএনপির ভোট বর্জন

আপডেট : ২০ মে ২০২৪, ০৬:৪৬ এএম

ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট কম পড়ার পেছনে বিএনপির ভোটে না আসাকে অন্যতম প্রধান কারণ বলে মনে করছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলটির নেতাকর্মীদের ভোটবিরোধী প্রকাশ্য অবস্থান এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকাকেও প্রতিবন্ধকতা হিসেবে দেখছে ইসি। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এই নির্বাচন কমিশনার বলেন, বিএনপি নির্বাচনে ভোট দিতে ভোটারদের নিষেধ করেছেন এটা তারা বলতে পারেন। তবে জোর করে কাউকে ভোট দিতে যেতে বাধা দিতে পারবেন না। ভোট বর্জনের কথা তারা বলতে পারবেন। ভোট কম পড়ার পেছনে একটি বড় কারণ বিএনপি। কারণ তারা ভোট বর্জন করায় তাদের কর্মী-সমর্থকরা ভোট দিতে কেন্দ্রে আসছেন না। তবে বিএনপি একমাত্র কারণ না; বিশেষ করে আরেকটা বড় কারণ হলো স্থানীয় নির্বাচনে ভোটাররা চাকরিস্থল থেকে ভোট দিতে আসতে চান না। তিনি আরও বলেন, এখন ৬০ শতাংশের বেশি ভোটাররা আসতে চান না। এটা সারা পৃথিবীতেই এমন। ভারতে সব দল অংশ নিলেও ৬০ শতাংশ ভোট পড়েনি।

ধান কাটার মৌসুমে ভোট কম পড়েছে বিষয়টা এমন নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা কেন বিষয়টা ওইদিকে নিয়ে আমাদের খোঁচা দেন। প্রথম ধাপের নির্বাচনে তাৎক্ষণিক কারণ ছিল সকালে বৃষ্টি। অন্যান্য কারণের মধ্যে ধান কাটা ছিল, বড় দল অংশ নেয়নিÑ এসব কারণে ভোট কম পড়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত