বগুড়ায় একটি হিমাগারে মজুদ করা প্রায় সোয়া ২ লাখ ডিম জব্দ করা হয়েছে। এ ঘটনায় হিমাগারের ব্যবস্থাপককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা সদরের এরুলিয়া এলাকায় কাফেলা কোল্ড স্টোরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী। এ সময় উদ্ধার হওয়া ওই ডিমগুলো বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে ২ লাখ ১৮ হাজার ১৭৯টি ডিম পাওয়া যায়। হিমাগারের ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে গত ১৫ মে কাহালু উপজেলার মুরইল মুনসুর কোল্ড স্টোর ও আফরিন কোল্ড স্টোরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ। এ সময় আফরিন কোল্ড স্টোরে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম জব্দ করা হয়। অবৈধভাবে মজুদ করায় ভ্রাম্যমাণ আদালত কোল্ড স্টোর কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে মজুদ করা ডিম সাত দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।
এ ছাড়া গত ১৯ মে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাটে সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে এক লাখ ডিম উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার ডিম বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে কেনা দামে বাজারজাত করা হবে বলে মুচলেকা নেওয়া হয়।
