মাদারীপুরে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ও ঘরের মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীগঞ্জে সাংবাদিক বেলাল খানের বাড়িতে এই ঘটনা ঘটে।
বেলালের স্বজনরা জানান, লক্ষ্মীগঞ্জ গ্রামের রাকিব কাজীর একটি ইটভাটায় অনিয়ম নিয়ে সম্প্রতি নিজের ফেসবুকে লেখা পোস্ট করেন দৈনিক ভোরের ডাক ও নিউ এইজ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল খান। এর জেরে বুধবার সকালে রাকিব ও তার দুই ভাই রাজীব এবং রায়হান লোকজন নিয়ে বেলালের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ঘরে ঢুকে টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে। পরে পরিবারের লোকজন চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় ঘরের সামনে একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। তবে ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা।
প্রত্যক্ষদর্শী আনোয়ারা বেগম বলেন, ‘হঠাৎ কয়েকটি বোমা বিস্ফোরণের শব্দ শুনে কাছে ছুটে আসি। আমাদের বাড়ির সামনে দিয়ে কয়েকজন দৌড়ে যাচ্ছিল। তখন রাকিব কাজী ও রায়হান কাজীসহ ৭-৮ জন লোক ছিল। অনেকের আবার মুখ বাঁধা ছিল। বেলাল খানের বাড়িতে এসে পরে সব ঘটনা দেখি ও শুনি।’
বেলাল খানের স্ত্রী নুর নাহার টুলু বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে রাকিব কাজী লোকজন নিয়ে এই হামলা চালিয়েছে। চারদিক থেকে লোকজন এসে ককটেল মেরে আতঙ্ক ছড়ায়। লুটপাটও করে তারা। পরে চিৎকার-চেঁচামেচি করলে পালিয়ে যায় হামলাকারীরা।’
অভিযুক্ত রাকিব কাজী বলেন, আমার সঙ্গে সাংবাদিকের পরিবারের কোনো বিরোধ নেই। কিন্তু বেলাল খান ও তার পরিবারের লোকজন আমাদের ওপর কদিন আগে হামলা করেছে। এই হামলায় আহত আমার ভাই হাসপাতালে ভর্তি। পরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
