প্রভাব বিস্তারের অভিযোগ এমপির বিরুদ্ধে

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:১০ এএম

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার।

গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে তিনি ডামুড্যা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় তার নির্বাচনী ক্যাম্পে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাবলু সিকদার বলেন, ‘সংসদ সদস্য নাহিম রাজ্জাক গত দুদিন যাবৎ ডামুড্যা অবস্থান করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অফিসে বসে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও শরীয়তপুর জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ গোলন্দাজের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণা করছেন। তিনি এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং আমার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাই আমি সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছি।’ বাবলু সিকদার আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য স্থানীয় সংসদ সদস্য তার পছন্দের লোককে (ব্যক্তিগত সহকারী আব্দুর রশিদ গোলন্দাজ) প্রার্থী করেছেন।

অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ‘আমি সরকারি ও সামাজিক অনুষ্ঠানে এসেছি। আমার মনে হয় কেউ কোনো জায়গায় প্রমাণ দেখাতে পারবে না, আমি কারও পক্ষে কোথাও বক্তব্য রেখেছি। যদি কেউ প্রমাণ দেখাতে পারে তাহলে সাধুবাদ জানাব। অহেতুক যদি কোনো মন্তব্য বা অপবাদ দিয়ে থাকে, যেই ব্যক্তি দিয়েছেন তার ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন সেটিও আমরা দেখতে চাই।’

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা বলেন, অভিযোগ পেয়ে যাচাই-বাছাই করছি। নির্বাচনী আচারণবিধি ভঙ্গ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৯ মে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ডামুড্যা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত