তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের মাত্র দুই দিন আগে চট্টগ্রামের দুই প্রতিমন্ত্রীর এলাকার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরা হলেন, আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ ও চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম।
আজ সোমবার (২৭ মে) নির্বাচন কমিশনের উপ সচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার ফ্যাক্সে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা পাওয়ার পর কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশনের চিঠিতে উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের স্বার্থে চট্টগ্রাম জেলার আনোয়ারা ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জকে সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)কে ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রসঙ্গত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের এলাকা আনোয়ারা ও শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর এলাকা চন্দনাইশ। ২৯ মে এই দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্থানীয় মন্ত্রী-এমপি সমর্থিত একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
