জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকাপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন আয়না ও দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান বেলালের সমর্থকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত দুই প্রার্থীকে জরিমানা করেছে। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় এ ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই প্রার্থীর প্রচার কেন্দ্র দুটি পাশাপাশি। নির্বাচনী প্রচারের শেষ সময়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুইপক্ষের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করায় দুই প্রার্থীকে ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ধরেননি।
হেলিকাপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন আয়না বলেন, ‘পুলিশের উপস্থিতিতে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান বেলালের কর্মী সমর্থকরা আমার নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে। তারা আমার সমর্থকদের দোকানপাটে হামলা চলিয়ে মালামাল লুট করেছে। পরে তারা নিজেরাই নিজেদের প্রচারকেন্দ্র ভাঙচুর করে আমার কর্মী-সমর্থদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা বলেন, ‘নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ধরনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।’
