গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমি থেকে ভূমিহীনদের দোকান উচ্ছেদে গেলে বাধার মুখে পড়েন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ২০ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় এ ঘটনা ঘটে। ভূমিহীনদের দাবি, বন বিভাগের লোকজনকে দাবি করা টাকা না দেওয়ায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
এলাকাবাসী, ভূমিহীন পরিবার ও বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজারডেক এলাকায় বেশ কিছু সংখ্যালঘু ভূমিহীন পরিবার বন বিভাগের জমিতে বসবাস করে আসছে। তারা চন্দ্রা-কালামপুর-সুরিচালা সড়কের খাজারডেক এলাকায় দীর্ঘদিন বনের জমিতে অবৈধভাবে ২০-২৫টি দোকানপাট করে। ভূমিহীনদের দাবি, দোকান করার সময় তারা স্থানীয় দালাল ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের টাকা দিয়েছে। কিন্তু মাসখানেক আগে ওই সড়কের প্রশস্তকরণ কাজ শুরু করে কালিয়াকৈর পৌরসভা। পরে পৌর কর্তৃপক্ষের অনুরোধে সংখ্যালঘু ভূমিহীন পরিবারের লোকজন তাদের দোকানপাটের উভয় পাশে চার ফুট করে পেছনে সরিয়ে দেন। খবর পেয়ে স্থানীয় অর্জুন নামে বনের দালাল ও চন্দ্রা বিট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা একাধিকবার সেখানে যান। তারা দফায় দফায় পাঁচ লাখ টাকা দাবি করেন।
টাকা নেওয়া ও টাকা চাওয়ার কথা অস্বীকার করে স্থানীয় চন্দ্রা বিট অফিসের কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা সেখানে উচ্ছেদ করতে যাই। কিন্তু তারা অতর্কিত হামলা চালালে সাতজন আহত হন।’
কালিয়াকৈর থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, এ ঘটনাটি মৌখিকভাবে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনোপক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ জানান, ওই ঘটনাটি উভয় পক্ষ মৌখিকভাবে জানিয়েছেন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
