চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন ও বারঘরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ দুজন মারা গেছেন। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান জানান, শুক্রবার দুপুরে দেবীনগর ইউনিয়নের রহমানটোলা গ্রামের বুলবুলের বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় তার ছেলে মাহি (৭) অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামে কৃষক আবদুর রহিমের (৬০) ঘরের টিনের চাল বিদ্যুতের তারের সংস্পর্শে এলে চাল বিদ্যুতায়িত হয়। বেলা সাড়ে ১১টার দিকে রহিম টিনের চালে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শওকত চৌধুরী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলী আকবরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত উপজেলার পশ্চিম হাইলধর গ্রামের ফকির মোহাম্মদ চৌধুরী বাড়ির কালু মিয়া চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় এক প্রতিবেশীর বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যান শওকত। এ সময় অসাবধানতাবশতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
