দুর্নীতি, লুটপাট ও টাকা পাচার করে সরকার দেশকে তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘গণদোয়া’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ‘জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার ইতিহাস মাত্র সাড়ে তিন বছরের। এই সাড়ে তিন বছরে তিনি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এই সরকার।’
বিএনপির এই নেতা বলেন, ‘ঘুম থেকে উঠেই পত্রিকায় দেখলাম এক লিটার জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে সকল জিনিসের দাম বেড়ে যাবে। বিদ্যুৎ-তেল এগুলোর দাম বাড়লে এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, প্রতিটা জায়গায় এর প্রভাব পড়ে।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু প্রমুখ।
