আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ এনেছে, তাতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চিলি। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক গত শনিবার এ ঘোষণা দেন।
চিলির ন্যাশনাল কংগ্রেসে প্রেসিডেন্ট বোরিক গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত পদক্ষেপের আহ্বান জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে যে মামলা করেছে চিলি তাতে সমর্থন দিয়ে কেপটাউনের সঙ্গে যোগ দেবে।
জাতিসংঘের এই আদালত গত মাসে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। যদিও ইসরায়েল এ নির্দেশ উপেক্ষা করেই রাফায় অভিযান চালিয়ে আসছে।
ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময় তারা প্রায় ১ হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনো হামাসের কাছে ১২১ জন জিম্মি হিসেবে আটক রয়েছে। ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে, যা এখনো চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।
গত সপ্তাহে মেক্সিকো ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের গণহত্যা মামলায় যোগ দেওয়ার কথা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা গত বছরের ডিসেম্বরে গণহত্যা-সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন ভঙ্গ করার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি করেছিল। সেই মামলার অংশ হওয়ার জন্য আইসিজের কাছে অনুরোধ জানিয়েছে মেক্সিকো। এর আগে তুরস্ক, লিবিয়া, নিকারাগুয়া এবং কলম্বিয়াও এ মামলায় যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল।
