পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।
গতকাল রবিবার সকাল ৮টা থেকে অনলাইনে প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হয়। গতকাল বিক্রি করা হয় ১২ জুনের ঈদযাত্রার টিকিট। শুরুতে বিক্রি করা হয় রেলের পশ্চিমাঞ্চলের (রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ) ট্রেনগুলোর অগ্রিম টিকিট। এর মধ্যে প্রথম ঘণ্টাতেই রংপুর বিভাগের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এ নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয় হতাশা।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, টিকিট বিক্রি শুরুর প্রথম আধা ঘণ্টায় প্রায় ৬০ লাখ ‘হিট’ (টিকিট কাটার জন্য ওয়েবসাইটে চেষ্টা) হয়। প্রথম ঘণ্টাতে পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ১৫৭টি টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ১১ হাজার ৯৪০টি।
রেলওয়ের কর্মকর্তারা জানান, পশ্চিমাঞ্চল রেলের উত্তরবঙ্গের ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। এরপরই ছিল ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারী রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের টিকিটের চাহিদা। এ তিন রুটের টিকিট প্রথম ১০ মিনিটেই শেষ হয়ে যায়।
দুপুর ২টা থেকে শুরু হয় পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) অগ্রিম টিকিট বিক্রি। রেলওয়ের কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলের ১৫ হাজার ৮১১টি টিকিটের মধ্যে সাড়ে ৪ ঘণ্টায় ৮ হাজার টিকিট বিক্রি হয়েছে। প্রথম আধা ঘণ্টায় এ অঞ্চলের টিকিটের জন্য ওয়েবসাইটে হিট হয় ২৮ লাখ।
রেলের ঘোষণা অনুযায়ী, আজ বিক্রি হবে ১৩ জুনের টিকিট। একইভাবে ৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের, ৬ জুন ১৬ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন। ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
