এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরুর ম্যাচে বোলিংয়ে শ্রীলঙ্কা ধসিয়ে দেওয়ার পরও অল্প রান তাড়ায় জেতাটা মোটেও সহজ হলো না দক্ষিণ আফ্রিকার। ৭৮ রান তাড়া করতে নেমে তাদের খেলতে হয়েছে ১৬.২ ওভার পর্যন্ত। উইকেট গিয়েছে ৪টি। তবুও ৬ উইকেটের জয় দিয়ে আসরের শুভ সূচনা করেছে প্রোটিয়ারা।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রোটিয়া বোলিংয়ের সামনে একেবারে তাসের ঘরের মতো ধসে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। মাত্র ৭৭ রানেরই গুটিয়ে গিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর শুরু করে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লঙ্কান ব্যাটারদের নাক-চোখের পানি এক করে ছেড়েছেন প্রোটিয়া দলে ফেরা পেসার আনরিখ নরখিয়া। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় তার শিকার চারটি। দুটি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ। জীবনের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ৪ ওভারে ১ মেডেনসহ ৯ রান দিয়ে একটি উইকেট নেন ওটনিয়েল বার্টম্যান। লঙ্কানদের হয়ে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। কুশল মেন্ডিস ১৯, অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ ও কামিন্দু মেন্ডিস ১১ রান করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১০ রানেই রেজা হেনড্রিকসের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর পর দাসুন শানাকা, মাথিশা পাথিরানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা লাগাম টেনে ধরেন প্রোটিয়া ইনিংসের। হাসারাঙ্গা দুটি ও শানাকা একটি উইকেট পান। কুইন্টন ডি ককের ২০ রানের ইনিংসের পর হেইনরিখ ক্লাসেনের অপরাজিত ১৯ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
