বাংলাদেশিদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান

আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:৪৯ এএম

বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমিয়েছে ভুটান। আগে দেশটিতে ভ্রমণ করতে বাংলাদেশিদের প্রতিদিন ২০০ মার্কিন ডলার দিতে হতো। এখন দিতে হবে ১৫ ডলার। গত রবিবার থেকে এটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি পর্যটকদের জন্য ভ্রমণনীতি সংশোধন করেছে ভুটান। দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, নতুন ভ্রমণনীতি অনুযায়ী, বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধু প্রতিদিনের জন্য ১৫ ডলার দিতে হবে।  ভুটান এখন থেকে বাংলাদেশি পর্যটকদের জন্য যে ফি নির্ধারণ করেছে, সেটা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমতুল্য। তবে ১৫ হাজারের বেশি পর্যটক হলে ভুটান ভ্রমণের ক্ষেত্রে ১০০ ডলার ফি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক সুসংহত হয়েছে।

এর আগে বাংলাদেশিদের ভুটান ভ্রমণে প্রতিদিন ২০০ ডলার করে দিতে হতো। তবে কভিডের পরে ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত