বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রেখে বলেছেন, ‘বেনজীর নজিরবিহীন দুর্নীতি করেছেন বলে বলা হচ্ছে। একই সঙ্গে সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেওয়া হয়েছে। আরেকজন তথাকথিত এমপিকে কলকাতা নিয়ে টুকরো টুকরো করা হয়েছে। এখন সেনাবাহিনীর অবস্থা কী? একটা ইনস্টিটিউশন হিসেবে তার সম্মান-ইজ্জত কোথায় থাকে, যখন তার সাবেক প্রধানকে স্যাংশন দেওয়া হয়। পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে, যখন তার সাবেক প্রধান ও র্যাবের সাবেক ডিজিকে পালিয়ে যেতে হয়। আজকে এরা (সরকার) দেশটাকে এভাবে ধ্বংস করে দিয়েছে।’
গতকাল সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
পুলিশ, প্রশাসনসহ অন্যান্য রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ভোট দেয় না কেন? ভোট দিলে আওয়ামী লীগ ১০টার বেশি আসনও পাবে না। আওয়ামী লীগ নেতাদের একটা নির্বাচন দিতে বলেন, যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে। তখন কার কত জনপ্রিয়তা তা বোঝা যাবে।’ তিনি বলেন, ‘এই জাতি ভবিষ্যতে টিকবে কি না, স্বাধীনভাবে চলতে পারবে কি না, তার পুরোটা নির্ভর করছে এই সরকারকে শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পেরে ওঠার ওপর। ১৫ বছর ধরে আওয়ামী লীগ শুধু গণতন্ত্র ও রাজনীতিকেই ধ্বংস করেনি, অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। বাচ্চাদের ঠিকমতো ডিম, দুধ দেওয়া যায় না। একদিকে মানুষ খেতে পারছে না, আরেক দিকে মাগুরায় দুটি গরু ৪০ লাখ টাকা দিয়ে কিনছে।’
