ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। বিবিসি লিখেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ওই চারজন একসঙ্গে নিহত হন এবং বর্তমানে তাদের মরদেহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জিম্মায় আছে। হামলায় নিহত চারজন হলেন ব্রিটিশ-ইসরায়েলি নাদাভ পোপেলওয়েল, চাইম পেরি, ইয়োরাম মেতজার ও আমিরাম কুপার।
আইডিএফ মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই চারজনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। আমরা ধারণা করছি, হামাসের বিরুদ্ধে অভিযানের সময় খান ইউনিস এলাকায় তাদের চারজন নিহত হয়েছেন।
হামাস গত মাসে দাবি করেছিল, তাদের হাতে জিম্মি নাদাভ পোপেলওয়েল গত এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলার মধ্যে নিহত হয়েছেন। গত ডিসেম্বরে হামাস একটি ভিডিও প্রকাশ করেছিল, যেখানে বাকি তিনজনকে দেখা যায়।
