চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার

আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:৪৫ এএম

আইসিসি এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে দ্বিগুণ করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান আসরের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যা গত দুই আসরে ছিল ৫৬ লাখ ডলার করে।  এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন  দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। গত দুই আসরে যা ছিল ১৬ লাখ ডলার করে। এবার রানার্স-আপ দল পাবে ১২ লাখ ৮০  হাজার ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে।

প্রথমবারের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। এর মধ্যে নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে। ১৩ থেকে ২০তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে। সেই হিসেবে বাংলাদেশ দল শুধু অংশগ্রহণের জন্যই পাবে ২ লাখ ২৫ হাজার ডলার।

বাংলাদেশি টাকায় যার পরিমাণ আড়াই কোটি টাকার বেশি। যদি গ্রুপ পর্বে একটি ম্যাচও জেতে তাহলে বাড়বে এই টাকার পরিমাণ। কোনো ম্যাচ জয়ের জন্য প্রতিটা দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে। সেক্ষেত্রে ম্যাচ জিতলে ৩১ হাজার ১৫৪ ডলার করে বাড়তি পাবে বাংলাদেশ।

মোট প্রাইজমানি

১ কোটি ১২ লাখ ৫০ হাজার

চ্যাম্পিয়ন

২৪ লাখ ৫০ হাজার

রানার্স আপ

১২ লাখ ৮০ হাজার

তৃতীয় বা চতুর্থ

৭ লাখ ৮৭ হাজার ৫০০ (প্রতি দল)

পঞ্চম-অষ্টম স্থান

৩ লাখ ৮২ হাজার ৫০০ (প্রতি দল)

নবম-দ্বাদশ স্থান

২ লাখ ৪৭ হাজার ৫০০ (প্রতি দল)

১৩তম-২০তম

২ লাখ ২৫ হাজার ডলার (প্রতি দল)

ম্যাচ জিতলে

৩১ হাজার ১৫৪ ডলার (সেমি ও ফাইনাল

বাদে প্রতি ম্যাচের জন্য)

* সব হিসাব মার্কিন ডলারে দেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত