এমপি আনারকে নিয়ে আলোচনা হয়নি সংসদে

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:২০ এএম

জাতীয় সংসদের বাজেট অধিবেশন গতকাল বুধবার শুরু হয়েছে। এটি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন ও চলতি বছরের তৃতীয় অধিবেশন। রীতি অনুযায়ী অধিবেশনের শুরুতেই সংসদ সদস্য ও বিভিন্ন বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আর চলতি সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে তার জন্য শোক প্রস্তাব গ্রহণের পর সংসদ সেদিনের জন্য মুলতবি করা হয়। তবে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ

সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে আলোচনা হয়নি। তার জন্য কোনো শোক প্রস্তাবও গ্রহণ করা হয়নি।

অধিবেশনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সংসদে আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে। বাজেটের ওপর সাধারণ আলোচনার জন্য দুই বেলা সংসদ পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। সকালে তিন ঘণ্টা ও সন্ধ্যায় তিন ঘণ্টা করে প্রতিদিন ছয় ঘণ্টা করে সংসদের বৈঠক বসবে।

গতকাল বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠকে কলকাতায় ‘খুন’ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বিষয়ে আলোচনা হয়েছে। কমিটির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বৈঠকে প্রসঙ্গটি তোলেন। পরে সিদ্ধান্ত হয়েছে, তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর ওই আসনটি শূন্য ঘোষণা হবে। এরপর সংসদে শোক প্রস্তাব নেওয়া হবে।

গত ১২ মে ভারতে যান এমপি আনার। পরদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। ২২ মে পশ্চিমবঙ্গ পুলিশ জানায় তাকে কলকাতার নিউটাউনের একটি আবাসিক এলাকার ফ্ল্যাটে হত্যা করা হয়েছে। কিন্তু তার লাশ উদ্ধার হয়নি। পরে কয়েকজনকে গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ জানায়, এমপি আনারকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে গুম করে ফেলা হয়েছে। পরে ওই আবাসিক এলাকার সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস খন্ড, চুল ও হাড় উদ্ধার করা হয় এবং পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। কিন্তু সেই পরীক্ষার ফলাফল এখনো জানা যায়নি।

এর আগে পুলিশ আনারকে হত্যার খবর দেওয়ার পর প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। তার আসনটি শূন্য ঘোষণা নিয়েও আলোচনা শুরু হয়। এ জটিলতার কথাও জানা যায়। 

সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা ১৬তম এবং দেশের ৫৩তম বাজেট পেশ। সংসদে বাজেট উত্থাপনের আগে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদিত হবে। দুপুর ১২টায় সংসদ ভবনে কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক হবে।

এছাড়া কোরবানির ঈদের কারণে ১৩ জুন অধিবেশন মুলতবি হয়ে ১৯ জুন পুনরায় শুরু হবে। আগামী ৩০ জুন পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিন অধিবেশন হবে না। তবে ২২ জুন ও ২৯ জুন (শনিবার) অধিবেশন বসবে। এ ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত অধিবেশন চলবে। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮২টি ও অন্য মন্ত্রীদের জন্য এক হাজার ৮৯০টি প্রশ্নসহ এক হাজার ৯৭২টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৫৪টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিস পাওয়া গেছে। বিধি-১৩১ এ সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা ১২৯। পাঁচটি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৩টি, পাসের অপেক্ষায় একটি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় একটি।

অধিবেশন শুরুর আগে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেওয়া হয়। সভাপতিমন্ডলীর সদস্যরা হলেন এবি তাজুল ইসলাম, মো. শাহাব উদ্দিন, মো. শাহরিয়ার আলম, সালমা ইসলাম ও ফরিদা ইয়াসমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত