বন্যা হলে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে : শিক্ষামন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:৪৪ এএম

আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে দেশের যে অঞ্চলে বন্যা হবে সে অঞ্চলের এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

চলতি জুন মাসে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে বন্যা হতে পারে বলে জানানো হয়েছে। বন্যার আশঙ্কার মধ্যেই চলতি মাসের ৩০ তারিখ শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধু সেখানে পরীক্ষা নেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে।’

এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব কোচিং সেন্টার ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২ এপ্রিল এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত