প্রথমবারের মতো ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটি অসম লড়াই দেখা যাবে ধারণা করা হয়েছিল। সেসব লড়াইয়ের একটি গতকাল সকালের অস্ট্রেলিয়া-ওমান ম্যাচ। ডেভিড ওয়ার্নারের অ্যারন ফিঞ্চকে ছাড়িয়ে যাওয়ার দিনে মার্কাস স্টয়নিস ব্যাট-বলে দারুণ অবদান রাখলেন। তাতে প্রত্যাশিতভাবেই জিতল ২০২১-এর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্যবধানটা ৩৯ রানের।
তবে ম্যাচটা যতটা একপেশে হবে বলে ভাবা হচ্ছিল, ততটা হয়নি। টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠানো ওমান ৯ ওভারের মধ্যে ৫০ রানে ৩ উইকেট তুলে নিয়ে আরেকটি রানখরার ম্যাচের আভাস দিয়েছিল।
অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর শুরু এরপরই। ওয়ার্নার স্টয়নিসকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে পরিস্থিতি সামাল দিলেন। নিজে এক প্রান্তে ভরসা হয়ে রইলেন আর স্টয়নিস মারমুখী হলেন। একপর্যায়ে দুজনই তুলে নিলেন ফিফটি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ১৬৪/৫ (স্টয়নিস ৬৭*, ওয়ার্নার ৫৬, মেহরান ২/৩৮)। ওমান : ২০ ওভারে ১২৫/৯ (আইয়ান ৩৬, মেহরান ২৭, স্টয়নিস ৩/১৯, স্টার্ক ২/২০, অ্যাডাম জাম্পা ২/২৪, নাথান এলিস ২/২৮)।
ফল : অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মার্কাস স্টয়নিস
