ইলেকট্রনিক স্বাক্ষর

আইন বাস্তবায়নে অগ্রগতি জানতে চায় হাইকোর্ট

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৭:২২ এএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর আলোকে ইলেকট্রনিক স্বাক্ষরের (ই-সিগনেচার) পদ্ধতি প্রয়োগের অগ্রগতি জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১২ আগস্টের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে আদালত। এ-সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

রুলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী, ডিজিটাল ই-সিগনেচার প্রয়োগ ও ব্যবহারে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, ই-সিগনেচার চালু করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। আইন ও মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সম্প্রতি এ রিট আবেদনটি করা হয়। এতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃপক্ষকে বিবাদী করা হয়।

গত ১ এপ্রিল এ বিষয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিস পাঠানো হয়।

রিট আবেদনের যুক্তিতে বলা হয়, ইলেকট্রনিক স্বাক্ষর পদ্ধতির ব্যবহার বিশ্বজুড়ে ক্রমবর্ধমানভাবে বাড়ছে। কিন্তু দেশে এ বিষয়ে সুস্পষ্ট আইন থাকলেও এর কার্যকারিতা কম।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। সঙ্গে ছিলেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত