নীতীশ-নাইডুকে খুশি করতে কয়টি মন্ত্রণালয় দিচ্ছেন মোদি?

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৫৫ পিএম

তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। আগামীকাল রবিবার সন্ধ্যায় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হযেছে। তার আগেই চলছে মন্ত্রণালয় নিয়ে ভাগাভাগির পালা। 

তৃতীয় মেয়াদে মোদি সরকারের প্রধান দুই কিংমেকার চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার। মূলত টিডিপি ও জেডিইউ-এর দৌলতেই এবার সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদি। তাই দুই জোট সঙ্গীকে খুশি করতে চেষ্টার কোনো কমতি রাখছে না বিজেপি। 

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ১৬টি আসন পাওয়া টিডিপিকে এবার ৪টি মন্ত্রণালয় দিতে চলেছেন নরেন্দ্র মোদি। অন্যদিকে, ১২টি আসন পাওয়া জেডিইউ মোদির মন্ত্রিসভায় পাচ্ছেন মাত্র ২টি মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম সূত্রের খবর, চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি থেকে যে ৪ জন মন্ত্রী হতে চলেছেন; তাদের মধ্যে সম্ভাব্য ৩ জন হলেন- রাম মোহন নাইডু, হরিশ বালাযোগী এবং দাজ্ঞামুল্লা প্রসাদ। সূত্রের খবর, এনডিএর বৈঠকে ৪টি মন্ত্রণালয় ও লোকসভার স্পিকার পদের দাবি রেখেছিলেন নাইডু। 

এছাড়া নীতীশের দল থেকে যে দুইজন সম্ভাব্য মন্ত্রী হতে চলেছেন তারা হলেন- লালন সিং এবং রামনাথ ঠাকুর। এদের মধ্যে লালন সিং বিহারের মুঙ্গের থেকে সাংসদ হয়েছেন এবং দ্বিতীয় জন রামনাথ ঠাকুর বর্তমানে রাজ্যসভার সাংসদ। তিনি ভারতরত্ন কর্পুরী ঠাকুরের ছেলে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত