প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, মেট্রো টিকিটের এহেন উচ্চ মূল্যের কারণে দেশের সাধারণ মানুষ, নিম্ন আয়ের লোকজন মেট্রোরেল ব্যবহারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে মেট্রোরেলের টিকিটের মূল্যে আরও বেড়ে যাবে। এতে মেট্রোরেল আধুনিক গণপরিবহনের পরিবর্তে উচ্চবিত্তের পরিবহনে পরিণত হবে। মেট্রোরেল চালুর ক্ষেত্রে সরকারের মূললক্ষ্য ব্যহত হবে। এমন পরিস্থিতিতে প্রস্তাবিত জাতীয় বাজেটে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাতিলের দাবি জানান সংগঠনটি।
