ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসি শুরুর একাদশে থাকবেন না তা আগেই বোঝা গিয়েছিল। হয়েছেও তাই। কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বাংলাদেশ সময় সোমবার সকালে হওয়া প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। ম্যাচের ৪০ মিনিটে গোলটি করেন ডি মারিয়া। মেসি এদিন মাঠে নামেন ৫৬ মিনিটে।
আর্জেন্টিনা ম্যাচটি খেলে ৪-৩-৩ ফরমেশনে। এক গোলে জিতলেও ম্যাচের বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দলই। এবারের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ডি মারিয়া। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি ডি মারিয়াময় বলাই যায়। মেসির অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড ছিল তার হাতে। ৪০ মিনিটে মাঠের ডান প্রান্ত দিয়ে ডি পলকে বল দেন ডি মারিয়া। ডি পল বল বাড়ান সামনে থাকা রোমেরোকে। ডি পল বল বাড়ানোর সঙ্গে সঙ্গে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন ডি মারিয়া। রোমেরোর দেওয়া পাস থেকে বল জালে পাঠান ডি মারিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে সাইডলাইনের কাছাকাছি জায়গায় গা গরম করতে দেখা যায় মেসিসহ একাধিক আর্জেন্টাইন ফুটবলারকে। ৫৬ মিনিটে দর্শকদের হর্ষধ্বনির মধ্যেই ডি মারিয়ার বদলি হিসেবে নামেন মেসি। গেল মার্চে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচে খেলেননি মেসি। পেশির ইনজুরিতে ছিলেন সেই সময়। আর্জেন্টাইন অধিনায়ক মাঠে নেমে চেষ্টা করেন নিজের ছাপ রাখতে। মেসির পায়ে বল যেতেই ‘মেসি’, ‘মেসি’ ধ্বনিতে মুখরিত হয় গোটা স্টেডিয়াম।
ডি মারিয়া বলেন, ‘এই জয় আমাদের প্রাপ্য। আমাদের এভাবেই একসঙ্গে কাজ করে যেতে হবে, যেমনটি সব সময় করি। ইকুয়েডরের সঙ্গে কোপাতেও আমাদের দেখা হতে পারে। আমরা জানি টুর্নামেন্টটি (কোপা আমেরিকা ২০২৪) কঠিন হবে। তবে আজ আমরা দেখিয়েছি কী করতে পারি।’
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে বাংলাদেশ সময় ১৫ জুন সকালে, গুয়েতেমালার বিপক্ষে। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমরিকায় এবারের মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
