১৯৭৪ সালে জারি করা একটি টর্নেডো সতর্কতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের মুর শহরের একটি হাইস্কুলের পাস করা শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান আকস্মিকভাবে বাতিল করতে হয়েছিল। অবশেষে ৫০ বছর সেই শিক্ষার্থীরা নতুন করে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার এবং সার্টিফিকেট গ্রহণ করার সুযোগ পেলেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট বলছে, গত শনিবার সমাবর্তন না পাওয়া ২০০ গ্র্যাজুয়েট আবারও নীল ক্যাপ এবং গাউন পরে তাদের পুরনো অ্যাকাডেমিক সাফল্য উদযাপন করার সুযোগ পেয়েছেন। ৫০ বছর আগের বাতিল হওয়া সমাবর্তন অনুষ্ঠানটি আবার আয়োজন করার কোনো পরিকল্পনা না থাকলেও গ্র্যাজুয়েটরা অনেক বছর ধরে নিজেদের মধ্যে আবারও সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতেন।
১৯৭৪ সালের ২৩ মে ওকলাহোমার মুরের একটি ফুটবল স্টেডিয়ামে ওই ৫০০ জন গ্র্যাজুয়েট তাদের সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে জড়ো হওয়ার পর একজন স্কুল প্রশাসক মাইক্রোফোনে তাদের নিরাপদে আশ্রয় নিতে ঘোষণা দেন। সেদিন বৃষ্টিতে ভিজে তারা খালি হাতে বাড়ি গিয়েছিলেন। পরে কোনো অনুষ্ঠান ছাড়াই তাদের সার্টিফিকেট সংগ্রহ করতে হয়েছিল।
আবার সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে পেছনের অন্যতম কারিগর মাইক উইলসন নামের স্থানীয় একজন ব্যক্তি যিনি পেশায় একজন ধারাভাষ্যকার। সেদিনের অনুষ্ঠান বাতিলের ব্যাপারে তিনি বলেন, হয়তো একটা গান অথবা একটা বক্তব্য শেষ হতে না হতেই সুপারিনটেনডেন্ট দাঁড়িয়ে বললেন, ‘তোমরা গ্র্যাজুয়েট হয়ে গেছো। অনুষ্ঠান এখানেই শেষ।’ কিন্তু অবশেষে দীর্ঘ ৫০ বছরের অপেক্ষা শেষে শনিবার ২০০ জন গ্র্যাজুয়েট আনুষ্ঠানিকভাবে সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সার্টিফিকেট গ্রহণ করেছেন। সেদিনের আবহাওয়া ছিল রৌদ্রোজ্জ্বল ও উষ্ণ, ছিল না ঝড়ের কোনো সম্ভাবনা।
সেদিনের গ্র্যাজুয়েটদের মধ্যে যারা মারা গেছেন, পরিবারের সদস্যরা তাদের হয়ে অনুষ্ঠানে সার্টিফিকেট গ্রহণ করেছেন।
৫০ বছর আগে ক্লাস প্রতিনিধি থাকা বব বেকার তার না দিতে পারা বক্তব্যটি পুনরায় দিয়েছেন, যদিও কিছুটা পরিবর্তন আনতে হয়েছে তাকে নিজের বক্তব্যে। তৎকালীন সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া দুই গ্র্যাজুয়েট ফিলিস ক্লার্ক এবং লয়েড হোয়াইটও তাদের বক্তব্য দিয়েছেন।
